ভাষাহীন বিশ্ব: মানব সভ্যতার অস্তিত্বের এক নীরব সন্ধিক্ষণ!

জানুয়ারী 4, 2026 - 18:29
জানুয়ারী 6, 2026 - 16:43
 0  7
ভাষাহীন বিশ্ব: মানব সভ্যতার অস্তিত্বের এক নীরব সন্ধিক্ষণ!

একবার ভাবুন, কোনো একদিন আপনি ঘুম থেকে উঠলেন। একটি সুন্দর সকাল, সোনালী সূর্যের মিষ্টি রোদের ছোঁয়ায় আপনার মন প্রশান্তিতে ভরে গেল। আপনি দুই হাত প্রসারিত করে এক বুক নিঃশ্বাস নিলেন। মনে মনে ভাবলেন, এমন সুন্দর একটি সকাল সত্যিই উপভোগ্য। মনের অজান্তেই হয়তো আপনি কোনো এক প্রিয় স্মৃতিতে ডুব দিচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার সম্বিত ফিরে পেলেন। আপনি লক্ষ্য করলেন আপনার চারপাশটা অস্বাভাবিক রকমের স্তব্ধ। আপনি রাস্তায় বেরিয়ে দেখলেন অজস্র মানুষ। কিন্তু কেউ কোন কথা বলছে না। এমনকি কেউ হাসছেও না। সবাই যেন মুর্তির মত নীরব। কোনো শব্দ নেই। কোনো কথা নেই। কোনো লেখা নেই। কোনো চিহ্ন, ইশারা বা অর্থবহ কোন শব্দও নেই।

আপনি হয়তো বলতে চাচ্ছেন, “আমি ভয় পাচ্ছি।” বা, “আমি তোমাকে ভালোবাসি।” বা, “আমাকে সাহায্য করুন।” কিন্তু আপনার কোনো ভাষা নেই। ভাষার অস্তিত্ব নেই। এমনকি “ভাষা” নামক শব্দটিরও কোন অস্তিত্ব নেই। এই কল্পনাটিই আমাদের ভেতর ভয়ঙ্কর এক অস্বস্তি তৈরি করে। কারণ রূঢ় বাস্তবটা হলো ভাষা ছাড়া মানুষ টিকে থাকতে পারে না।

 

ভাষা শুধু কথা বলার মাধ্যম নয় 

ভাষা হলো সমাজের এক অদৃশ্য কাঠামো।  আমাদের অনুভূতিগুলো তখনই বাস্তব হয়, যখন আমরা তা প্রকাশ করতে পারি। আমাদের চিন্তা তখনই বেঁচে থাকে, যখন আমরা তা অন্যের সাথে ভাগাভাগি করে নিতে পারি। আমাদের সম্পর্ক তখনই গড়ে ওঠে, যখন দুটি মন একে অপরকে বুঝতে পারে। আইনের আগে ভাষা ছিল। প্রযুক্তির আগেও ভাষা ছিল। এমনকি সভ্যতার আগেও ভাষা ছিল। বস্তুত, ভাষা ছিল মানুষের প্রথম আবিষ্কার।

ভাষাহীন অনুভূতি কেবলই বিভ্রান্তি

আমরা প্রায়ই বলে থাকি, “অনুভূতিই যথেষ্ঠ।”

কিন্তু এই কথাটিও সঠিক নয়। কারন অনুভূতির প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভাষা। ভাষা ছাড়া ভালোবাসা রূপ নেয় বিভ্রান্তিতে। রাগ কিংবা অভিমান রূপ নেয় সহিংসতায়। ভয় রূপ নেয় আতঙ্কে। একটি শিশু শুধু খাবার পেলেই নিরাপদ বোধ করে না। বরং সে তখনই নিরাপদ বোধ করে যখন তাকে কেউ বলে- “আমি আছি।”

ভাষা অনুভূতিকে বোঝাপড়ায় রূপ দেয়। ভাষা ছাড়া অনুভূতি আমাদের ভেতরেই আটকে থাকে। একসময় তা আমাদের নিয়ন্ত্রণহীন, শক্তিশালী এবং ধ্বংসাত্মক রূপে গ্রাস করে।

 

প্রতিটা মানবিক সংঘর্ষই ভাষার সমস্যা

পৃথিবীর যত অশান্তি, যুদ্ধবিগ্রহ, তার মূলে তাকালে দেখা যায় এগুলো আসলে ভাষারই সমস্যা। মানুষ ধ্বংস চায় বলে যুদ্ধ শুরু হয় না। যুদ্ধ শুরু হয় মানুষ একে অপরকে বুঝতে ব্যর্থ হয় বলে। ভালোবাসা শেষ হয়ে যায় বলেই সম্পর্ক ভাঙে না। অনুভূতিকে সঠিকভাবে বহন করার সক্ষমতা হারায় বলেই সম্পর্ক ভাঙে। অধিকাংশ ঝগড়া শুরু হয়- “তুমি আমাকে বুঝোনি।” বাক্যটি থেকে আর অধিকাংশ কষ্ট কিংবা অনুশোচনা আসে- “আমি নিজেকে বোঝাতে পারিনি।”  এই উপলব্ধি থেকে। ভাষা মানুষকে যুক্ত করে। ভাষা না থাকলে ভুল বোঝাবুঝি রূপ নেয় ভয়াবহ পর্যায়ে।

ভাষাই আমাদের বাস্তবতা তৈরি করে। টাকা বা মুদ্রা, যাই বলি না কেন, আমরা সবাই মিলে একটি শব্দে একমত হয়েছি বলেই এর অস্তিত্ব আছে। দেশ আছে কারণ আমরা সীমারেখার নাম দিয়েছি। ন্যায়বিচার আছে কারণ আমরা তাকে সংজ্ঞায়িত করেছি। আমাদের নিজস্ব পরিচয় আছে কারণ আমরা নিজেদেরকে ভাষায় ব্যাখ্যা করতে পারি। আগামীকাল যদি ভাষা হারিয়ে যায়, কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের সমাজও ভেঙে পড়বে। কারণ ভাষা শুধু বাস্তবতাকে বর্ণনা করে না, বরং ভাষা প্রতিনিয়ত আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে।

 

নীরবতা মানেই শান্তি নয় 

নীরবতাকে আমরা অনেক সময় শান্তি ভাবি। কিন্তু বোঝাপড়া ছাড়া নীরবতা সবসময়ই বিপজ্জনক। মানুষ কথা বলা বন্ধ করলেও অনুভব করা বন্ধ করে না। সে কেবল নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দেয়। আর ব্যাখ্যা না করা অনুভূতি গুলোই ধীরে ধীরে দূরত্ব, ভয় আর ক্ষোভে পরিণত হয়। ভাষা হলো একাধিক মনের মধ্যে বিরাজমান সেতু স্বরূপ। আর সেই সেতু ভেঙে গেলে হাজার মানুষের ভিড়ের মাঝেও সবাই একা হয়ে যায়। আর তা মানুষের সামাজিক জীব নামক বৈশিষ্ট্যকেও অপ্রাসঙ্গিক করে দেয়।

 

উপসংহার

আমরা আজ বাস করছি ইতিহাসের সবচেয়ে কানেক্টেড সময়ে। আগে মানুষের মাঝে যোগাযোগ এর মাধ্যম ছিল সীমিত। আজ মাধ্যমের অন্ত নেই। কিন্তু তবুও আমাদের ভুল বোঝাবুঝি পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি। মেসেজ আদান-প্রদান হয় দ্রুতগতিতে। কিন্তু মনোযোগ কম। অর্থ ও গভীরতা কম। আমরা কথা বলছি বেশি, কিন্তু যোগাযোগ করছি কম। এই কারণে আজ ভাষার গুরুত্ব বোঝা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, শুধু কথা বলাই নয়, বোঝাটাও গুরুত্বপূর্ণ। যদি ভাষাই আমাদের ‘মানুষ’ হিসেবে তৈরি করে থাকে, তবে আমাদের ভবিষ্যৎও নির্ভর করছে আমরা একে অপরকে কতটা বুঝতে পারছি তার ওপর।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1
alihshawon আলী এইচ শাওন প্রযুক্তিবিদ ও সমাজকর্মী