ভোট বিভাজনে বন্ধুত্বে ফাটল

গ্রামে ভোটের রাজনীতি মানুষের পারস্পরিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে । ভোটের আবেগে পরিবার ও প্রতিবেশীর মধ্যে ফাটল দেখা দেয় , আর অযোগ্য নেতৃত্ব নির্বাচিত হয় । সচেতন ভোট ও মানবিক মূল্যবোধ‌ই গ্রাম সমাজে শান্তি ও সহযোগিতা বজায় রাখতে পারে ।

ডিসেম্বর 18, 2025 - 21:51
ডিসেম্বর 18, 2025 - 18:39
 0  10
ভোট বিভাজনে বন্ধুত্বে ফাটল

কারো রক্তে রাজনীতির নেশা জন্মগতভাবেই মিশে থাকে । কেউ আওয়ামী লীগ , কেউ বিএনপি , কেউ জামায়াত , কেউ শিবির । ভোট এলেই গ্রামাঞ্চলের মানুষ অস্থির হয়ে ওঠে । বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের চলে শুধু ভোটের আলোচনা নিজের দলের প্রশংসা আর বিপক্ষ দলের দূর্নাম ।

লক্ষ্য করলে দেখা যায় , এসব আলোচনায় শিক্ষিত মানুষের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না । কারণ তারা অযাথা তর্ক -বির্তকে জড়িয়ে নিজের সম্মান নষ্ট করতে চায় না । অথচ সাধারণ মানুষ‌ই নেতাদের নিয়ে সবচেয়ে বেশি আবেগী হয়ে ওঠে । আমার মনে হয় , আমরা সাধারণ জনগণ আদর্শের চেয়ে বেশি গুরুত্ব দিই প্রাপ্তিকে । 

একটু রাস্তা , একটু বিদ্যুৎ ,বিধবা বা বয়স্ক ভাতা । এই সামান্য চাওয়াগুলোর আশাতেই আমাদের ভোট । আবার এমন মানুষ‌ও আছে , যারা ভোটের সময় মেম্বার বা চেয়ারম্যানের কাছ থেকে সুবিধা নেয় , খায়- দায় , অথচ ভোট দেয় অন্য দলকে । আমরা যারা খেটে খাওয়া মানুষ , তারা কেন দলাদলি করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করব ? এতে আমাদের লাভটাই বা কী ?

শহরাঞ্চলের মানুষ এসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামায় না  । কিন্তু গ্রামাঞ্চলে ভোট এলেই মানুষ এমনভাবে জড়িয়ে পড়ে , যেন নেতারাই তাদের আপনজন । অথচ ভোট শেষ হলে সেই নেতাদের আর খোঁজ পাওয়া যায় না । ভোটের কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় । ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ হয় , প্রতিবেশীর সঙ্গে শত্রুতা তৈরি হয় । আর‌ও একটি দুঃখজনক বিষয় হলো , গ্রামাঞ্চলে ভোট নিয়ে অনেক সময় উত্তেজনা এতটাই বেড়ে যায় যে রক্তারক্তি পর্যন্ত ঘটে ।

অথচ আমাদের সবার পছন্দ এক নয় । যাকে ভালো লাগবে , তাকেই ভোট দেওয়াই স্বাভাবিক । তাহলে মতভেদের কারণে আমরা কেন লড়াই করব ?ভোট আমাদের অধিকার , তোমার অধিকার । মত ভিন্ন হতেই পারে । কিন্তু সেই ভিন্নতার জন্য কি সম্পর্ক , মানবিকতা আর শান্তি হারানো সত্যিই জরুরি ।  আরেকটি বিষয় ভেবে দেখা দরকার অনেকেই মেম্বার হ‌ওয়ার জন্য ভোটে দাঁড়ান , অথচ জনগণের ভালো - মন্দ বোঝার মতো যোগ্যতা তাদের নেই ।

জনপ্রতিনিধি হতে হলে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় । অনেক চেয়ারম্যান আছেন , যাদের তুমি বিপদে পড়ে ডাকতে গেলে রাতের বেলায় আরামের ঘুম ভেঙ্গে আসতে চায় না । এভাবে তো নেতৃত্ব চলে না । আবার এমন অনেক মেম্বারও আছেন , যারা মানুষের এতটাই কাছের হয়ে ওঠেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । আসলে আমাদের দরকার দল নয়  , দরকার যোগ্য ও মানবিক মানুষ । ভোট নিয়ে অকারণ লড়াই নয় দরকার সচেতনতা , সহনশীলতা আর মানবিকতা ।

এই মানবিকতা আর সচেতনতার অভাব থেকেই গ্রাম সমাজে জন্ম নেয় অকারণ বিভাজন । রাজনীতি যেখানে হ‌ওয়ার কথা মানুষের কল্যাণের মাধ্যম , সেখানে তা হয়ে ওঠে হিংসা , অহংকার আর ক্ষমতার প্রদর্শনী । আমরা ভুলে যাই যে নেতাকে আজ নিয়ে লড়ছি , কাল তার জন্য‌ই আবার আমাদের বাড়ির মানুষটির সঙ্গে কথা বন্ধ হয়ে যায় । অথচ সেই নেতা আমাদের পারিবারিক সম্পর্ক , বন্ধুত্ব বা প্রতিবেশীর খোঁজ কখনোই রাখে না ।

গ্রামের মানুষ এখনো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সচেতনতার বদলে রাজনৈতিক আবেগে ভাসে । কে ভালো মানুষ , কে সত্যি মানুষের পাশে দাঁড়ায় এসব বিবেচনার চেয়ে বড় হয়ে ওঠে দলীয় পরিচয় । ফলে অযোগ্য মানুষ‌ও জনপ্রতিনিধি হয়ে যায় ,আর যোগ্য মানুষ অবহেলিত থেকে যায় । এর ফল ভোগ করতে হয় আমাদের‌ই ভাঙা রাস্তা , অনুপস্থিত সেবা আর দায়িত্বহীন নেতৃত্বের মাধ্যমে ।

আমাদের বুঝতে হবে , ভোট মানেই অন্ধ সমর্থন নয় ।ভোট মানে প্রশ্ন করা , জবাবদিহি চাওয়া । জনপ্রতিনিধিকে শুধু নির্বাচনের পরেও মনে করিয়ে দিতে হবে তিনি জনগণের কর্মচারী , মালিক নন । আর সেটি সম্ভব তখন‌ই , যখন আমরা দলীয় লড়াইয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখব । গ্রাম সমাজের সৌন্দর্য ছিল পারস্পরিক সহযোগিতা , সহমর্মিতা আর একে অপরের বিপদে পাশে দাঁড়ানো ।

ভোটের রাজনীতির নামে যদি সেই সৌন্দর্য নষ্ট হয় , তবে উন্নয়নের সব দাবি অর্থহীন হয়ে যায় । উন্নয়ন শুধু রাস্তা বা ভবন নয় । উন্নয়ন মানে সম্পর্কের , মূল্যবোধের আর মানবিকতার বিকাশ । তাই আজ সবচেয়ে বেশি দরকার সচেতন ভোটার । যে ভোট দেবে বিবেক দিয়ে , যুক্তি দিয়ে , মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে । দল আসবে , মানুষ থাকবে । সেগুলো বাঁচিয়ে রাখাই আমাদের আসল দায়িত্ব ।

ভোট হোক মতের প্রকাশ , যুদ্ধের কারণ নয় । নেতৃত্ব আসুক সেবার জন্য , ক্ষমতার জন্য নয় । তাহলেই হয়তো একদিন গ্রাম ফিরে পাবে তার হারানো শান্তি , আর ভোট ফিরে পাবে তার প্রকৃত মর্যাদা ।

What's Your Reaction?

Like Like 6
Dislike Dislike 0
Love Love 6
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 6
@zerin609 Zerin Jahan Disha Disha