কম্পাইলারের কঠোর শাসনে মুক্ত চিন্তার মৃত্যু: ভুল করলে থামো — এটাই কি যোগাযোগ?

এই লেখায় দেখানো হয়েছে, কম্পাইলারের কঠোর নিয়ম কীভাবে মানুষের স্বাভাবিক ভুল করার ও শেখার প্রক্রিয়ার সঙ্গে সংঘর্ষ তৈরি করে। মানুষ ভুল থেকে শিখে উন্নতি করে, কিন্তু কম্পাইলার সামান্য ত্রুটিতেই পুরো কাজ থামিয়ে দেয়। যদিও নিরাপত্তা ও নির্ভুলতার জন্য এই কড়াকড়ি প্রয়োজন, তবুও এটি সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। AI-ভিত্তিক সহায়ক প্রযুক্তি কিছুটা সমাধান দিচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়—ভুল করার স্বাধীনতা ছাড়া কি সত্যিকারের শেখা ও মুক্তচিন্তা সম্ভব?

মার্চ 20, 2026 - 22:21
মার্চ 5, 2026 - 00:12
 0  1
কম্পাইলারের কঠোর শাসনে মুক্ত চিন্তার মৃত্যু: ভুল করলে থামো — এটাই কি যোগাযোগ?

কম্পাইলারের কঠোর শাসনে মুক্ত চিন্তার মৃত্যু: ভুল করলে থামো — এটাই কি যোগাযোগ?

খাদিজা আরুশি আরু

আমরা তো মানুষ, ভুল তো হবেই। ভুল থেকেই মানুষ শেখে, ভুল শুধরে আবার নতুন করে শুরু করে। বিজ্ঞানী নিউটন আপেল পড়া দেখে ভুল করে ভেবেছিলেন মাধ্যাকর্ষণ নিয়ে, আর ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন একটা নষ্ট পরীক্ষা থেকে। বাল্ব বানানোর আগে এডিসন হাজারবার ভুল করেছিলেন। তিনি বলতেন, আমি হাজারটা উপায় বের করেছি যেগুলো কাজ করে না। মানুষের বড় বড় আবিষ্কারের পেছনে ভুলের অবদান অনেক। কিন্তু কম্পাইলার এই সাধারণ ব্যাপারটা মানতে চায় না। তার একটাই কথা, ভুল করেছো তো আটকে যাও।

কম্পাইলার হলো একটা অনুবাদক, যেটা মানুষের কোডকে মেশিনের ভাষায় (বাইনারি সংখ্যা) বদলে দেয়। গ্রেস হপার ১৯৫২ সালে প্রথম কম্পাইলার বানিয়েছিলেন। তখন তিনি স্বপ্ন দেখেছিলেন এটা মানুষ আর মেশিনের মধ্যে একটা সেতু হবে। তিনি ভাবতেন প্রোগ্রামিং একদিন ইংরেজি ভাষার মতোই সহজ হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্নটা পুরোপুরি সত্যি হয়নি। এই সেতু পার হওয়াটা সহজ নয়। কম্পাইলার যেন হাতে একটা লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে—কঠোর, দয়ামায়াহীন।

একটা বাচ্চার কথা ভাবুন। সে প্রথমবার বলছে, মা, পানি লাগবে। হয়তো সে ঠিক করে বলতে পারছে না, বলছে মা, পানি লাগে। ব্যাকরণ ভুল হলেও মা বুঝতে পারেন, হেসে তাকে পানি দেন। বাচ্চাটা উৎসাহ পায়, আবার চেষ্টা করে, ধীরে ধীরে শেখে। কিন্তু যদি মায়ের জায়গায় কম্পাইলার থাকত, আর বলত ব্যাকরণ ভুল, তাই হবে না, তাহলে কি বাচ্চাটা কথা বলতে শিখত? ভাষা শেখার পুরো প্রক্রিয়াটাই ভুলের ওপর নির্ভর করে। ভুল করো, মানুষ ধরিয়ে দেবে, আবার চেষ্টা করো—এভাবেই ভাষা ভালো হয়। কম্পাইলার সেই সুযোগটা দেয় না। সে বলে, আগে সব ঠিকঠাক করো, তারপর কথা বলো।

গবেষণায় দেখা গেছে, মানুষ ভুলভাল কথা থেকেও মানে বের করে নিতে পারে। ভাষাবিজ্ঞানী স্টিভেন পিংকার তার The Language Instinct বইয়ে দেখিয়েছেন, মানুষের মস্তিষ্ক ভুল তথ্য থেকেও মানে বের করতে পারে। এটাই হলো আসল যোগাযোগ। তুই কালকে আসবি?—ব্যাকরণ হয়তো ভুল, কিন্তু মানেটা সবাই বোঝে। মানুষের ভাষা এরকম কোটি কোটি ভুল বাক্য ব্যবহার করে দিনের পর দিন চলছে। কিন্তু কম্পাইলার ঠিক উলটো। সে কোনো আন্দাজ করতে পারে না, কোনো দয়া দেখায় না।

বেঙ্গালুরুর একটা স্টার্টআপে কাজ করা এক তরুণের কথা ভাবুন। রাত তিনটা বাজে, প্রজেক্ট জমা দেওয়ার শেষ সময়। কোড প্রায় লেখা শেষ, কিন্তু একটা লাইনে একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছে। কম্পাইলার বলছে, Compilation Failed। পুরো কাজ আটকে আছে। লজিক ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু একটা চিহ্নের জন্য সব শেষ। ঘড়ির কাঁটা ঘুরছে, ক্লায়েন্টের তাড়া আছে, আর ছেলেটা একটা ব্র্যাকেটের জন্য কম্পিউটারের দিকে তাকিয়ে আছে।

এই একই ঘটনা প্রতিদিন হাজার হাজার প্রোগ্রামারের জীবনে ঘটে। ঢাকা, সিলিকন ভ্যালি, বার্লিন বা টোকিও—সব জায়গার প্রোগ্রামারদের একই কষ্ট। আইইইই-এর একটা গবেষণা বলছে, একজন অভিজ্ঞ প্রোগ্রামারও তার কাজের প্রায় ১৫-২০% সময় শুধু কোডের ভুল বের করতে ব্যয় করেন। তার মানে বছরে কয়েক সপ্তাহ শুধু ভুল খোঁজাখুঁজির কাজ। যদি সারা বিশ্বের ২৭ মিলিয়ন প্রোগ্রামার এই সময়টা নষ্ট করে, তাহলে কত কর্মঘণ্টা শুধু একটা কমা বা ব্র্যাকেটের জন্য নষ্ট হচ্ছে? এই সময়টা যদি তারা ক্যান্সার বা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করত, তাহলে হয়তো ভালো কিছু হতো।

কম্পাইলারের এই কড়াকড়ির একটা কারণ আছে। কম্পিউটার সবকিছু পরিষ্কারভাবে বুঝতে চায়। একটা বিমানের অটোমেটিক সিস্টেমে যদি সামান্য ভুল হয়, তাহলে বিরাট বিপদ হতে পারে। হাসপাতালের সফটওয়্যারে ওষুধের ডোজ ভুল হলে রোগীর জীবন যেতে পারে। তাই কম্পাইলারকে কঠোর হতেই হয়। তবে প্রশ্ন হলো, সব কোড কি আর প্লেন চালায়? সব ভুল কি আর জীবন কেড়ে নেয়? একটা বাচ্চা যখন প্রথম Hello World লেখে, তখনও কি এত কঠিন নিয়ম মানতে হবে? যোগাযোগের আসল উদ্দেশ্য তো মানে বোঝানো, নিখুঁত বাক্য তৈরি করা নয়। তাহলে মানুষের সৃষ্টিশীলতার থেকে কি যন্ত্রের নিখুঁত নিয়ম সবসময় বেশি জরুরি?

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) একটা উপায় বের করেছে। GitHub Copilot বা Amazon Code Whisperer-এর মতো প্রোগ্রামগুলো কোডের ভুল আগে থেকেই ধরে দিচ্ছে, কোড লিখে দিচ্ছে। কম্পাইলার এখন আর শুধু ভুল বলে থেমে যায় না, সে বলে তুমি কি এটা বলতে চেয়েছো? এই ছোট পরিবর্তনগুলো দেখতে সামান্য হলেও এটা অনেক বড় একটা বিষয়। তবে প্রশ্ন হলো, আমরা কি তাহলে এগুলোর ওপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি? এআই যদি সব ভুল ধরে দেয়, তাহলে মানুষ ভুল থেকে শিখবে কিভাবে? নাকি তারা শুধু এআই-এর কথা শুনেই কাজ করবে, নিজের বুদ্ধি আর চালাবে না?

যদি মুক্তচিন্তা সব সময় কম্পাইলারের লাল পতাকার সামনে আটকে যায়, তাহলে সেটা আর কতটা মুক্ত থাকে? ভুল করার অধিকার শুধু মানুষের অধিকার নয়, এটা শেখার একমাত্র উপায়। একটা শিশু পড়ে গিয়েই হাঁটতে শেখে। সাঁতার কাটার সময় ডুবে গিয়েই সাঁতার শেখে। একজন শিল্পী খারাপ গান গাওয়ার পরেই ভালো শিল্পী হয়। ভুল হলো মানুষের উন্নতির জ্বালানি। কম্পাইলার হয়তো এটা বুঝবে না, কারণ সে তো যন্ত্র। কিন্তু আমাদের এটা বুঝতে হবে। টেকনোলজি বানানোর সময়, শিক্ষা দেওয়ার সময়, নতুন প্রোগ্রামিং পরিবেশ তৈরি করার সময়—আমাদের মনে রাখতে হবে, ভুলের মধ্যেই নতুন কিছু আবিষ্কার করার বীজ লুকানো থাকে।

কারণ পৃথিবীর সেরা কোডটি কখনো প্রথম চেষ্টায় লেখা হয়নি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Khadiza Arushi Aru সখের বশে লেখালেখি শুরু করলেও বর্তমানে তা আর সখ নেই, নেশা হয়ে গেছে। নিজের অনুভূতি, চিন্তাধারা, অভিজ্ঞতাকে অন্যের দ্বারপ্রান্তে সুকৌশলে পৌঁছে দেয়াই হয়তো আমার লিখে যাবার অনুপ্রেরণা! আমার প্রথম সম্পাদিত বই, "নবধারা জল" এবং প্রথম প্রকাশিত উপন্যাস, "সূর্যপ্রভা"